Logo
Logo
×
   

সারাদেশ

আটকে পড়া জাহাজ উদ্ধার করে বিশ্বমানের পেশাদারিত্ব দেখিয়েছে চট্টগ্রাম বন্দর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

আটকে পড়া জাহাজ উদ্ধার করে বিশ্বমানের পেশাদারিত্ব দেখিয়েছে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে রিটেইনিং ওয়ালের সঙ্গে আটকা পড়া কনটেইনার জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ অত্যন্ত দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে উদ্ধার করেছে। এজন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশংসা করে লেটার অব এপ্রিসিয়েশন (সিপিএ) দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং লাইন সংস্থা সিএমএ- সিজিএম গ্রুপ তথা সিএনসি লাইন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান বরাবরে সংস্থাটির ফ্রান্সের সদর দপ্তরের ভাইস প্রেসিডেন্ট মোরেও জেভিয়ার এবং ম্যানেজিং ডিরেক্টও এশার্ড ফ্রাঁসোয়া জেভিয়ারের যৌথ স্বাক্ষরে এই প্রশংসাপত্রটি পাঠানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, জরুরি পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তাৎক্ষণিক সাড়া দেওয়া, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং মেরিন বিভাগসহ সব পর্যায়ের কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টার কারণে জাহাজটি দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ জন্য চবকের সদস্য (হারবার ও মেরিন), হারবার মাস্টার, ডক মাস্টার এবং জ্যেষ্ঠ পাইলটদের নেতৃত্ব ও পেশাদারিত্বও বিশেষভাবে স্মরণ করার মতো।

একই সঙ্গে এই ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে সরাসরি অংশ নিয়ে সহায়তা প্রদান করায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে আন্তর্জাতিক এই শিপিং লাইন সংস্থাটি। সিএমএ-সিজিএম কর্তৃপক্ষ। বার্তায় জানানো হয়, এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রাম বন্দর বিশ্বমানের পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে।

গত ৪ আগস্ট যান্ত্রিক ত্রুটির কনটেইনার জাহাজটি কর্ণফুলী নদীর মোহনায় তীরবর্তী রিটেইনিং ওয়ালে ধাক্কা খেয়ে আটকে যায়। রাতভর বন্দর, কোস্টগার্ড, নৌবাহিনীসহ বিভন্ন সংস্থার ৬টি টাগবোট এটিকে কোনো ক্ষয়ক্ষতি ছাড়ায় উদ্ধার করতে সক্ষম হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে সচিব রেফায়েত হামিম বলেন, জাহাজ মালিক পক্ষের এ আনুষ্ঠানিক স্বীকৃতি চট্টগ্রাম বন্দরের জন্য গৌরবের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .