৬ বছরের শিশুকে ধর্ষণ, ‘দাদা’ গ্রেফতার
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ অভিযোগে এক নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার সেলিম মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি ওই কেয়ারটেকারকে ‘দাদা’ বলে ডাকত।
অভিযুক্তের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সেলিম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে।
থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে মধ্যে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল হালিম মাস্টারের মেয়ের নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলার সিঁড়িকক্ষে ঘটনাটি ঘটে।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত সেলিম মজুমদার (৫৫) ওই ভবনের কেয়ারটেকার এবং একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিনের পরিচয়ের কারণে ভুক্তভোগী শিশুটি তাকে ‘দাদা’ বলে ডাকত। তিনি প্রায়ই শিশুটিকে চকলেটসহ বিভিন্ন খাবারের লোভ দেখাতেন।
ঘটনার দিন শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখা যায়। পরে শিশুটির মায়ের কাছে সে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করে। পরিবারের সদস্যরা শিশুটির শারীরিক অবস্থার বিষয়টি লক্ষ্য করে তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।
হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান, অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
