যৌতুক দাবিতে নির্যাতন
হাতে মেহেদির রং থাকতেই গৃহবধূর আত্মহত্যা
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দাগনভূঞায় যৌতুক দাবি ও নির্যাতনে তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর হাতের মেহেদি রং থাকতেই আত্মহত্যা করেছেন। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার রাতে মৃতের ভাই মঈন উদ্দিন খান থানায় চারজনের নামে মামলা করেন।
মৃত তানিয়া আক্তার কক্সবাজারের টেকনাফ থানার হীলা এলাকার মৃত নিয়ামত উল্যাহর মেয়ে।
অভিযুক্তরা হলো- নিহতের স্বামী ওয়াজেদ প্রকাশ পলব, শাশুড়ি নার্গিস, ননদ চাঁদনী ও তার স্বামী নিশাত।
জানা যায়, দুই মাস পূর্বে তানিয়া আক্তারের সঙ্গে প্রধান আসামি ওয়াজেদ প্রকাশ পল্লবের বিয়ে হয়। নিহতের পরিবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে চার লাখ টাকা খরচ করে বিয়ের আয়োজন করে। আসামিদের দেওয়া চাপে এক লাখ টাকার আসবাবপত্র ও উপহার সামগ্রী দেন। তবে বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আরও আসবাবপত্র ও নগদ যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। যৌতুক না দিলে তানিয়াকে খুনের হুমকিও প্রতিনিয়ত দেওয়া হতো।
বুধবার দুপুরে যৌতুক ও আসবাবপত্রের বিষয় নিয়ে পুনরায় তানিয়ার ওপর নির্যাতন চালানো হয়। এ সময় তানিয়া বিষয়টি তার মাকে ফোনে জানালে তার পরিবার শিগগিরই বাকি আসবাবপত্র পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এর কিছুক্ষণ পরই জানানো হয় যে, তানিয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি ফয়জুল আজীম নোমান জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
