খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
Advertisement
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম
মাদ্রাসা ছাত্র মহসিন (১১)।
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রামগঞ্জে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে মহসিন (১১) নামে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের উজির আলী হাজীবাড়ির পাশের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন ঐ এলাকার দেলোয়ার হোসেন ও সেলিনা বেগম দম্পতির একমাত্র ছেলে। সে স্থানীয় কালুপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের বাবা দেলোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে মহসিন দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করছিল। পরে নামাজের আগে তাকে গোসল করতে বলা হলে সে জানায়, আগে সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ খেলতে যাবে। এরপর খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি।
তিনি জানান, মহসিন সাঁতার জানত না। এ কারণে বাড়িতেই গোসলের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছিল।
চণ্ডীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল তুফান জানান, মহসিনের পরিবারের লোকজনের চিৎকার শুনে তিনি স্থানীয়দের নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে বিলের পানিতে মহসিনকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে দেলোয়ার হোসেন ও সেলিনা বেগমের পরিবারে চলছে শোকের মাতম। মহসিনের মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

