সকালে সড়কে প্রাণ গেল ৭ জনের, বিকালে স্বামী-স্ত্রীর
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া সদরের এরুলিয়া এলাকায় সাতজন নিহতের পর আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী মারা গেছেন। এ সময় তাদের আট বছরের শিশু নাতি আহত হয়েছে।
শুক্রবার বিকালে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি ইব্রাহীম আলী এ তথ্য দিয়েছেন।
নিহতরা হলেন- বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৭)। আহত শিশু জুলকার নাইন (৮) নিহত বাবুলের বড় ছেলে রেজাউল করিম রেজার সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ব্যবসায়ী বাবুল হাসান স্ত্রী জেসমিন বিবি ও শিশু নাতি জুলকার নাইনকে নিয়ে মোটরসাইকেলে কাহালু উপজেলায় বড় ছেলের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে এরুলিয়া বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেন।
এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। স্থানীয়রা স্ত্রী জেসমিন ও নাতি জুলকার নাইনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। লাশ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে শুক্রবার ভোরে বগুড়া শহরতলির এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। কয়েক ঘণ্টার ব্যবধানে এরুলিয়া এলাকায় আবারও দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় জনগণের মাঝে ক্ষোভ, হতাশা ও আতঙ্ক দেখা দিয়েছে।
