লঞ্চ ও পণ্যবাহী জাহাজের সংঘর্ষ, অল্পে রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
Advertisement
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবাদর নদীতে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লঞ্চটির সামনের দিকে আংশিক ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্রায় দেড় শতাধিক যাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালাবদর নদীর ‘খাম্বা’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোলা থেকে বরিশালগামী সোহাগী-১ নামে একটি যাত্রীবাহী লঞ্চ কালাবদর নদীর খাম্বা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কোস্টার জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়।
যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ভোলা থেকে মেহেন্দীগঞ্জের শ্রীপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় ‘সোহাগী-১’ লঞ্চটি। পথিমধ্যে কালাবাদর নদীর খাম্বা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কোস্টার জাহাজের সঙ্গে লঞ্চটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষে লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ এ সংঘর্ষে লঞ্চের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে চিৎকার শুরু করেন। এ সময় আতঙ্কিত হয়ে এক যাত্রী নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চের চালক এটি ঘুরিয়ে নদী থেকে ওই যাত্রীকে জীবিত উদ্ধার করেন।
লঞ্চের যাত্রী মো. আমিনুল ইসলাম মল্লিক জানান, সংঘর্ষের পরপরই কোস্টার জাহাজটির নাবিক কৌশল অবলম্বন করে দ্রুত সেটি অন্যদিকে সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নৌযান দুটির সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার মূল কারণ এবং নৌযান দুটির সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
