হাসিনার ভার্চুয়াল বক্তব্যের উপস্থাপক অরিনকে ঘিরে সাতক্ষীরায় আলোচনা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত থাকা আবু ওবাইদাহ অরিনকে ঘিরে সাতক্ষীরায় নানা আলোচনা চলছে। ২৫ বছরের এই তরুণের বাড়ি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের আয়োজনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে অরিনকে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নানা আলোচনা শুরু হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অরিনের বাড়ি সাতক্ষীরা সদর থানার পাশের মুনজিতপুর লিচুতলা এলাকায়। শনিবার (৮ আগস্ট) তার বাড়িসংলগ্ন এলাকায় এবং রোববার (৯ আগস্ট) সকালে পৃথক সময়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক।
অরিনের বাড়িতে গিয়ে দেখা যায়, মূল ফটক বন্ধ রয়েছে। তার বাবা আবু সোয়েব এবেলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মূলত ৫ আগস্ট নয়াদিল্লিতে তাদের সন্তান সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার পর থেকে তারা নিরাপত্তার শঙ্কায় এলাকাতে অবস্থান করছেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
অরিনের প্রতিবেশী ও স্থানীয় মুদি দোকানি শাহজাহান বলেন, অরিন নামের ছেলেটিকে অনেক দিন ধরে দেখি না। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে শেষবার তাকে দেখেছি। এরপর আর দেখিনি। শুনেছি সে ভারতে পড়াশোনা করে। তার বাবা-মা অবশ্য বাড়িতেই থাকতেন বলে স্থানীয়রা জানান।
পাশের আরেক দোকানিকে নয়াদিল্লির অনুষ্ঠানের একটি ছবি দেখানো হলে তিনি ছবিতে থাকা তরুণকে অরিন হিসেবে শনাক্ত করেন।
অরিনের বাবা আবু সোয়েব এবেলের ব্যবসাপ্রতিষ্ঠান জাহান প্রেসেও তার বিষয়ে খোঁজ নেওয়া হয়। সেখানে কর্মরত রমেশ চন্দ্র বলেন, এবেল সাহেব সাতক্ষীরাতেই থাকেন। মাঝেমধ্যে প্রতিষ্ঠানে আসেন। তবে সংবাদ সম্মেলনের দিন সন্ধ্যার পর থেকে তাকে আর দেখিনি।
স্থানীয় সূত্র ও পারিবারিক পরিচয় অনুযায়ী, আবু ওবাইদাহ অরিন জাহান প্রেসের মালিক আবু সোয়েব এবেলের বড় ছেলে। লেখাপড়ার জন্য তিনি ভারতে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে অরিনের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির ঘনিষ্ঠতার আলোচনা রয়েছে।
অরিনের বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছেও বিস্তারিত তথ্য নেই বলে জানা গেছে।
এ বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন। এ বিষয়ে সদর থানার ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত আবু ওবাইদাহ অরিন ও তার সংশ্লিষ্টতা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত আপনাকে পরে জানানো হবে।
