‘গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও’
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মহসিন আলী (৪১) নামের এক ব্যক্তি মারা গেছেন। গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর তিনি বলতে থাকেন-‘গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও’।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দিনাজপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহসিন আলী ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া এলাকার বাসিন্দা। তিনি সোলেমান আলীর ছেলে।
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মহসিন আলী ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খান। বিষয়টি জানতে পেরে তার জামাতা মাহাবুব হোসেন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মাহাবুব হোসেনসহ স্বজনরা তাকে মোটরসাইকেলে করে দিনাজপুরের দিকে নিয়ে যান। পথে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাহাবুব হোসেনের ভাষ্য, দুপুর দেড়টার দিকে তিনি জানতে পারেন, তার শ্বশুর ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। পরে বাড়ির পশ্চিম পাশের সড়কে গিয়ে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তখন মহসিন তাকে বলেন, ‘আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও।’
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
