Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

ছবি: সংগৃহীত

Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। এর মধ্যে ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগে তলব করা হয়েছে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীকে।

শনিবার (১৭ অক্টোবর) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা এবং সিভিল জজ মো. তোসিকুল আলমের যৌথ স্বাক্ষরে এসব নোটিশ জারি করা হয়।

নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন, ১১ দলীয় ঐক্যজোট ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজু আলী এবং আরাজী দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমান।

নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশে বলা হয়, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন ও তার সমর্থক নেতাকর্মীরা ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উসকানি দিয়ে বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে মসজিদ ও ধর্মীয় উপাসনালয় ব্যবহার করেছেন। এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার পাঁয়তারা।

জমা দেওয়া ভিডিও প্রমাণ পর্যালোচনা করে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫(খ) ধারা লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পেয়েছে কমিটি। বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনি এজেন্ট মো. পয়গাম আলী এ অভিযোগ করেন। আগামী ১৯ অক্টোবর বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের গণসংযোগে বাধা ও তাকে হেনস্তার চেষ্টার অভিযোগে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনকেও শোকজ করা হয়। গত ১৩ অক্টোবর রাতে পৌর শহরের হাজীপাড়া এলাকায় গণসংযোগে বাধা দেওয়ার ঘটনায় বিএনপির প্রার্থীর সমর্থক যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বলপ্রয়োগের অভিযোগ আনা হয়।

শনিবার মির্জা ফয়সল আমীনের পক্ষে তার প্রতিনিধি অ্যাডভোকেট মো. এনতাজুল হক আদালতে লিখিত জবাব দাখিল করেন। এতে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

প্রচারণায় জড়াচ্ছেন সরকারি চাকরিজীবীরাও

নির্বাচনি আচরণবিধি উপেক্ষা করে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধেও। জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও পৌর যুব বিভাগের সভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমানের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য দেওয়া এবং সেই ভিডিও ফেসবুকে প্রচারের অভিযোগ রয়েছে। এটি আচরণবিধির ২১(ক) ও ২১(খ) ধারার লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। গত ১৫ অক্টোবর তাকে শোকজ করা হয়।

অন্যদিকে, গত ১১ অক্টোবর নোটিশ পাওয়া উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজু আলী ১৩ অক্টোবর আদালতে লিখিত জবাব দিয়েছেন। তিনি বিএনপির প্রার্থীর সঙ্গে কোনো গোপন বৈঠকে অংশ নেওয়ার কথা অস্বীকার করে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ ও লিখিত জবাব পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসনটি ছেড়ে দেওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৯ অক্টোবর ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনি মাঠ। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা একে অপরকে মোকাবিলায় বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে দুই দলের পক্ষ থেকেই নির্বাচন কমিশন ও বিচারিক কমিটির কাছে পালটাপালটি অভিযোগ দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

আরও পড়ুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

টুপটুপ রিসোর্টে আগুন বাড়ি থেকে টাকা এনে আহত দুজনকে চিকিৎসা করান অটোচালক

বাড়ি থেকে টাকা এনে আহত দুজনকে চিকিৎসা করান অটোচালক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান আসামি করে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম