পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দিঘির পানিতে ডুবে উমর আলী (১৫) ও মিরাজ (১৩) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে।
সারা রাত ফায়ার সার্ভিসের তল্লাশির পর রোববার ভোরে স্থানীয় একটি দিঘি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এরআগে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়।
উমর আলী উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে মিরাজ একই গ্রামের ইমরান আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে দুই কিশোর বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি। পরবর্তীতে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা সম্ভাব্য সব জায়গায় তাদের খোঁজখুঁজি করতে শুরু করেন। একপর্যায়ে রাতের দিকে এলাকার একটি বড় দিঘির পাড়ে তাদের ব্যবহৃত বাইসাইকেল দুটি পড়ে থাকতে দেখেন স্বজনরা।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘির পানিতে তল্লাশি শুরু করে।
রাতের আঁধারে টানা তল্লাশির একপর্যায়ে রাত দুইটার দিকে পানিতে একজনের লাশ উদ্ধার করা হয়। এরপর দীর্ঘ চেষ্টা চালিয়ে রোববার ভোরে দিঘির নিচ থেকে অপর কিশোরের লাশও উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, ধারণা করা হচ্ছে ওই দুই শিশু দিঘির পানিতে গোসল করতে বা খেলতে নেমে পানিতে ডুবে মারা গেছে।
