Logo
Logo
×
   

সারাদেশ

পিআইও কার্যালয়ের সাবেক কর্মচারীর বাসা থেকে ১৩ বস্তা সরকারি ত্রাণ উদ্ধার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

পিআইও কার্যালয়ের সাবেক কর্মচারীর বাসা থেকে ১৩ বস্তা সরকারি ত্রাণ উদ্ধার

পিআইও কার্যালয়ের সাবেক কর্মচারীর বাসা থেকে ১৩ বস্তা সরকারি ত্রাণ উদ্ধার

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী আবদুল বাকের হোসেনের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রীর ১৩টি বস্তা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ফুলগাজী যুব উন্নয়ন কার্যালয়সংলগ্ন ওই বাসার নিচতলা থেকে এসব ত্রাণ উদ্ধার করে উপজেলা প্রশাসন।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি করে লবণ ও চিনি, ৩৩ কেজি মসুর ডাল এবং হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়াসহ বিভিন্ন শুকনা খাবার।

উপজেলা প্রশাসন জানায়, উদ্ধার হওয়া ত্রাণের প্যাকেটে ‘২০২৪-২৫ অর্থবছর’ লেখা রয়েছে। এসব সামগ্রী গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল।

ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাজীব আহমেদ বলেন, আবদুল বাকের বর্তমানে নোয়াখালীর সন্দ্বীপে কর্মরত। তার বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী বাসায় রাখার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, জব্দ মালামাল থানা হেফাজতে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালিয়ে ত্রাণসামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিআইও বাদী হয়ে মামলা করবেন।

অভিযুক্ত আবদুল বাকেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .