ফি বেঁধে প্রসূতিদের সিজার করানো ফৌজদারি অপরাধ: ডা. জিয়াউদ্দিন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চিকিৎসকদের সমিতির মাধ্যমে ফি নির্ধারণ করে প্রসূতি মায়েদের সিজারিয়ান অপারেশন করানোকে ফৌজদারি অপরাধ হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, চিকিৎসকদের ফি নির্ধারণ ও অপ্রয়োজনীয় সিজার করানোর বিষয়টি প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেন, আমাদের দেশ অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের জন্য বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এ প্রবণতা কমাতে সরকার কাজ করছে। ইতোমধ্যে প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারির জন্য আলাদা কক্ষ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সরকার সবসময় নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতে চায়।
স্বাস্থ্যসেবায় দলীয়করণের প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় যুগে স্বাস্থ্যসেবায় দলীয়করণের যে অসামঞ্জস্য তৈরি হয়েছে, তার কুফল এখন দেখা যাচ্ছে। সরকার স্বাস্থ্য খাতে ভারসাম্যপূর্ণ জনবল দেওয়ার চেষ্টা করছে। স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর জন্য সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য কার্ড চালু হলে জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হবে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
এ সময় ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এসএম সোহরাব আল হোসাইন, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোবারক হোসেন দুলাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকন-উদ-দৌলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
