‘সিএনজি আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে’
বাবাকে ফোনে বলার পরই শিশুসহ গৃহবধূ নিখোঁজ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম
হাজীগঞ্জ থানা
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের হাজীগঞ্জে শাহিদা আক্তার নামে এক গৃহবধূ ও তার মেয়ের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি মৈশামুড়া শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী। তিনি এক ছেলে এক মেয়ের জননী।
নিখোঁজের আগে শাহিদা আক্তার (৩৩) তার বাবাকে ফোন করে বলেন- ‘সিএনজি আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে’। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে ও শিশু সন্তানসহ ওই গৃহবধূর সন্ধান পাওয়া যাচ্ছে না।
শুক্রবার (১৪ আগস্ট) হাজীগঞ্জ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরির আবেদন করা হয়।
শাহিদার ২ বছরের মেয়ে জুবাইদা তার সঙ্গে ছিল। পরে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারীর শারীরিক বিবরণ হিসেবে উচ্চতা প্রায় ৪ ফুট ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৫০ কেজি।
শাহিদার বাবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার পাঁচৈ গ্রামে। বাবার বাড়ি যেতেই সে নিখোঁজ হয়।
তার বাবা আবুল হোসেন জানান, শুক্রবার ভোরে সে আমার বাড়ি আসার জন্য প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে আমার নাম্বারে ফোন দিয়ে বলে- আমাকে সিএনজি অন্যদিকে নিয়ে যাচ্ছে। তারপর মোবাইল বন্ধ। আমার সঙ্গে ২৬ সেকেন্ড কথা হয়। আমি তার সন্ধান চাই।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে নিখোঁজ নারী ও তার মেয়ের সন্ধান বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তার ছোট বোন শাহানা আক্তার।
হাজীগঞ্জ থানার (ওসি) আবদুল মান্নান জানান, ওই গৃহবধূর সন্ধান করতে চেষ্টা অব্যাহত রেখেছি।
