Logo
Logo
×
   

সারাদেশ

অর্ধ লক্ষ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬ পিএম

অর্ধ লক্ষ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গোপালগঞ্জে মাদকসহ ২ কারবারি গ্রেফতার। ছবি: যুগান্তর

গোপালগঞ্জ শহরে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাতে শহরের এলজিইডি মোড়ের নবীনবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় গ্রামের উজ্জ্বল মোল্লা (৩৮) ও একই গ্রামের রিফাত হোসেন ওরফে ওয়াসিম (২২)।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

মো. হাবীবুল্লাহ বলেন, মাদকমুক্ত গোপালগঞ্জ গড়তে নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল রাত ১২টা থেকে বিশেষ অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নবীনবাগের এলজিইডি মোড়ে অভিযান চালায়। এ সময় একটি নোয়াহ মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের শরীর ও সুটকেস তল্লাশি করে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ভোর ৪টা ১৪ মিনিটে ইয়াবাগুলো গণনা শেষ হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা। এছাড়া মাদক বিক্রির চার লাখ ৫৫ হাজার ৫৫ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের একটি নোয়াহ মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। 

পুলিশ সুপার বলেন, জেলায় প্রায় ১৪ লাখ মানুষ বসবাস করেন। অথচ মাদকসংক্রান্ত অপরাধীর সংখ্যা চার থেকে পাঁচ হাজারের বেশি নয়। জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে এসব অপরাধীকে আইনের আওতায় এনে গোপালগঞ্জকে মাদকমুক্ত করার চেষ্টা করা হবে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. হাসানুর রহমান উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .