খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে।
স্বজনদের দাবি, মঞ্জুরুলের সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না। সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে গৃহনির্মাণের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি।
গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
