ঘুমন্ত দম্পতিকে শেকল দিয়ে আটকে ঘরে আগুন
Advertisement
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ঘুমন্ত দম্পতিকে বাইরে থেকে শেকল দিয়ে আটকে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আগুন চারপাশে ছড়িয়ে পড়লে টিনের বেড়া কেটে কোনো রকমে প্রাণে রক্ষা পান স্বামী-স্ত্রী।
শুক্রবার রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালায় লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লাল মিয়া জানান, রাত ৩টার দিকে তার স্ত্রী ঘরের চারপাশে আগুন দেখতে পান এবং তাকে ডেকে তোলেন। এ সময় তারা ঘরের বাইরে বের হওয়ার জন্য দরজা খুলতে গেলে বুঝতে পারেন বাইরে থেকে শেকল লাগানো। এরই মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পেট্রোলের ধোঁয়ায় ঘর অন্ধকার হয়ে যায়। পরে ঘরে থাকা দা দিয়ে তিনি টিনের বেড়া কেটে স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পান। এ ঘটনায় আহত হয়ে লাল মিয়া সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
লাল মিয়ার স্ত্রী বেগম আক্তার অভিযোগ করে বলেন, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলছে। কয়েক দিন আগেও তারা তার স্বামীকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সখীপুর ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার সোহেল রানা জানান, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-6a89d293ede09.jpg)