তালাক দেওয়া স্ত্রীর ঘরের ছাদের কার্নিশে প্রবাসীর লাশ
যশোর ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের চৌগাছায় মৌখিক তালাক দেওয়া স্ত্রীর ঘরের ছাদের কার্নিশ থেকে সৌদি আরব প্রবাসী রবিউল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) উপজেলার পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর মাঠপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রবিউল ইসলাম (৩৫) উপজেলার পাতিবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের হায়দার আলীর ছেলে।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে মৌখিক তালাক দেওয়া স্ত্রী পারভিনা খাতুন যে ঘরে থাকেন, সেই ঘরের ছাদের পানির লাইনের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রবিউল ইসলামের লাশ দেখতে পান তার শ্বশুরবাড়ির লোকজন। পরে প্রতিবেশীরা এসে থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
পারভিনা খাতুন (২৩) জানান, রবিউল সৌদি আরবে থাকার সময় বেশ কিছু টাকা দেনা হয়ে পড়েন। এসব বিষয়ে তিনি কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি বাড়ি চলে আসেন। পরবর্তীতে পারিবারিক ঝামেলা নিয়ে তাকে মৌখিকভাবে তালাক প্রদান করেন রবিউল। পরে নিজের ভুল বুঝতে পেরে রোববার গভীর রাতে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করেন। তবে তার ডাকে স্ত্রী সাড়া দেননি।
রবিউলের শ্বশুর বাড়ির লোকজন ও স্থানীয়দের ধারণা এই অভিমান থেকেই তিনি ওই শোবার ঘরের ছাদের পানির লাইনের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তাদের ধারণা রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছেন।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যু কিভাবে হয়েছে, তা বলা যাবে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
