ডেঙ্গু মোকাবিলায় মাঠে খুলনা বিএনপি, দুই ধাপের বিশেষ পরিকল্পনা
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম
খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে বিএনপির সংবাদ সম্মেলন
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় দুই ধাপের বিশেষ মানবিক উদ্যোগ ও রোডম্যাপ ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি।
মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ রূপরেখা প্রকাশ করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ সরবরাহের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এছাড়া স্কুল-কলেজে ছাত্রদল ও ড্যাবের যৌথ উদ্যোগে রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
রোগীদের সেবায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি আক্রান্ত থানায় কমপক্ষে একটি ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র এবং বড় ওয়ার্ডগুলোতে ২০ শয্যার সেবাকেন্দ্র চালুর ঘোষণা দেওয়া হয়। বিএনপি কার্যালয়গুলোতে হটলাইন নম্বরসহ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে স্বেচ্ছাসেবী দল।
কর্মসূচি বাস্তবায়নে বিএনপির উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে চিফ হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপিকে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সদস্য সচিব হিসেবে থাকবেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।
মেডিকেল পর্ষদের চিকিৎসাসেবা সমন্বয়ে ডা. রফিকুল ইসলাম বাবলু এবং প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের দায়িত্বে থাকছেন মো. মাসুদ পারভেজ বাবু।
অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, যেকোনো মানবিক সংকটে জনগণের পাশে থাকতে মহানগর বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে ডা. রফিকুল হক বাবলু, ডা. মোস্তফা কামাল, শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
