‘১২ বছর আগে র্যাব পরিচয়ে তুলে নেওয়া রিপন আজও নিখোঁজ’
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘১২ বছর ধরে ছেলের অপেক্ষায় আছি। জানি না সে কোথায় আছে, কেমন আছে। ছেলেকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরেছি; কিন্তু আজও তার সন্ধান পাইনি’- কথাগুলো বলছিলেন গুমের শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে রোববার ফেনীতে মানববন্ধন ও সমাবেশে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানান তিনি। মানবাধিকার সংগঠন অধিকারের ফেনী ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের স্বজন, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রওশন আরা বেগম অভিযোগ করেন, ২০১৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার ছেলে রিপনকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ১২ বছর পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। তিনি ছেলেকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং ঘটনার বিচার দাবি করেন।
সভায় বক্তারা গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পরিবর্তে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে করার দাবি জানান। পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সম্পত্তি ও ব্যাংক হিসাব পরিচালনার সুযোগ এবং গুমের পর ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তুলে ধরেন।
অধিকার ফেনী ইউনিটের ফোকালপারসন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অধিকার ফেনী ইউনিটের সদস্য জাফর আহমদ ভূঁইয়া।
সভায় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। পরে ফেনী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অধিকার জানায়, ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত এবং গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নের দাবি জানানো হয়।
