বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূকে আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
Advertisement
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাবার বাড়ি যাওয়ার পথে অপহরণ করে ৮ দিন আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার (৩০ আগস্ট) ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামের স্বামীর বাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। স্থানীয় ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে এসে পৌঁছলে পার্শ্ববর্তী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (৩১) তার লোকজনের সহায়তায় ওই গৃহবধূকে অপহরণ করেন। পরে বাজারের পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ৮ দিন ধরে ধর্ষণ করেন।
এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে পুলিশ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় নাজমুল হাওলাদারকে আসামি করে ধর্ষণের শিকার ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ধর্ষণের এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আমরা আসামি নাজমুল হাওলাদারকে ধরার চেষ্টা করছি।
ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
