শেষ কর্মদিবসে না ফেরার দেশে প্রধান শিক্ষক
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন। দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রিয় প্রধান শিক্ষককে দেওয়া হবে বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট। কিন্তু সে অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই বিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাল তার লাশ।
যে কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার কথা ছিল, সেখান থেকেই নিতে হলো চিরবিদায়।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মৃত প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯) সোমবার ভোরে চাঁদপুর শহরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃতের সহকর্মী তানজিলা আক্তার জানান, সোমবার দুপুরে তপন কুমার সাহাকে বিদ্যালয় থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এমনকি তার হাতে ক্রেস্ট তুলে দেওয়ারও আয়োজন ছিল। এর আগেই ভোরে ফোনে খবর আসে, রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তপন কুমার সাহার মৃত্যুতে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে বিদ্যালয় থেকে সম্মানের সঙ্গে অবসর নেওয়ার কথা ছিল, সে বিদ্যালয়েই শেষবারের মতো তার লাশ পৌঁছানোয় সৃষ্টি হয় এক আবেগঘন ও শোকাবহ পরিবেশ।
