ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাকের সংঘর্ষে মো. জুয়েল (২৮) নামে এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে মধুখালী উপজেলার বনমালিদিয়া এলাকায় শাহ হাবিব আলীম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহণের একটি বাস এবং মাগুরাগামী ময়দাবোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পূর্বাশা পরিবহণের সুপারভাইজার মো. জুয়েলের মৃত্যু ঘটে।
করিমপুর হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ আবদুস সালাম জানান, ময়দাবোঝাই ট্রাকটি শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে হঠাৎ একটি টায়ার বিস্ফোরিত হয়। পরে চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি মহাসড়কের উপর পার্ক করে রাখেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহণের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসের সুপারভাইজার মো. জুয়েল বাম পাশে ইঞ্জিন কভারে বসে ছিলেন। ধাক্কার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

