বাগেরহাটে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের কচুয়ায় আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। দীর্ঘ এক মাসের তদন্ত শেষে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত আহাদের ব্যবহৃত মোবাইল ফোন ও চার্জার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, নিহত আহাদের পরিবারের এক নারী সদস্যের সঙ্গে জাহিদুল ইসলামের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে আহাদের মা মনিরা বেগমের সঙ্গে জাহিদুলের বিরোধ সৃষ্টি হয়। পাশাপাশি জাহিদুলের নিজের পরিবারেও এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে জাহিদুলের পরিকল্পনায় অন্যদের সহযোগিতায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে পুলিশ।
গ্রেফতার তিন আসামি জাহিদুল ইসলাম, আসাদুল শেখ ও আরিফ হাওলাদার বাবু চান্দেরকোলা গ্রামের বাসিন্দা।
গত ২ থেকে ৪ আগস্টের মধ্যে কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
