ইসরাইলি ড্রোন হামলায় নিহত শুভর লাশ ফিরল ৩ মাস ২৫ দিন পর
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
নিহত শুভর স্বজনদের আহাজারি
|
ফলো করুন |
|
|---|---|
লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের লাশ দীর্ঘ তিন মাস ২৫ দিন পর দেশে ফিরেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।
শেষবারের মতো শুভকে দেখতে বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। এরপর তার লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। নানা আনুষ্ঠানিকতা শেষে মৃত্যুর প্রায় চার মাস পর রোববার সকালে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে শ্রীপতিপুর গ্রামের বাড়িতেই শুভ দাসের সৎকার সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ ছিলেন দ্বিতীয়। পরিবারের আর্থিক সংকট দূর করার স্বপ্ন নিয়ে প্রায় আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান তিনি। বিদেশে যেতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পরিবারের দুই শতক বসতভিটাও বিক্রি করতে হয়েছিল। পরিবারের আশা ছিল, শুভ বিদেশে কাজ করে সংসারের অভাব ঘোচাবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মঈন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে নিহত শুভ দাসের পরিবারের হাতে ইতোমধ্যে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে। পরবর্তী সময়ে জীবনবীমার আওতায়ও পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
শুভ দাসের মৃত্যুর মধ্য দিয়ে লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরা জেলার তিনজনের মৃত্যু হলো। এর আগে একই ধরনের হামলায় আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম নিহত হন।
