বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের পাশে ৫ বোমা বিস্ফোরণ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে দুটি স্থানে পাঁচটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের নিকট হাসান আলীর চায়ের দোকানের পাশে একটি বোমা বিস্ফোরিত হয়। এর প্রায় এক ঘণ্টা পর বিকাল ৪টার দিকে উপজেলা শহরের উপকণ্ঠে বাঁশবাড়িয়া ফুটবল মাঠের পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের টিনশেডের ওপর পর্যায়ক্রমে চারটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় ঢিলছোড়া দূরত্বে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে বাজারের লোকজন আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছুটতে থাকেন। খবর পেয়ে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।
এরপর বিকাল ৪টার দিকে বাঁশবাড়িয়া ফুটবল মাঠের পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের টিনশেডের ওপর চারটি বোমা বিস্ফোরিত হয়। সেখানেও কেউ হতাহত হয়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বলেন, রোববার বিকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ছিল উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে। এ উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মী ও সমর্থকেরা সেখানে আসতে শুরু করেছিলেন।
তার দাবি, আয়োজনটি বন্ধ করার উদ্দেশ্যে একটি মহল এসব বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে তাদের ধারণা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী বলেন, বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

-6a9d78e5c6e2d.jpg)