Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ

ছবি: এআই

Advertisement

বাল্যবিয়েমুক্ত জেলার তকমা থাকলেও মেহেরপুরে কম বয়সে সংসার গড়ার চরম খেসারত দিতে হচ্ছে অসংখ্য নারীকে। অতি অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসা এসব নারী আজ স্বামীর অবহেলা, মাদকের নীল ছোবল, অনলাইন জুয়ার আসক্তি, যৌতুকের নির্যাতন আর পরকীয়ার শিকার হয়ে নিঃস্ব হচ্ছেন। কারো কোলে আজ কোলজুড়ানো শিশু, আবার কারো সন্তান স্কুলে যাওয়া শুরু করেছে—ঠিক সেই সময়েই ভাঙছে তাদের সংসার। বাধ্য হয়ে শেষমেশ বাবার বাড়িতে ঠাঁই নিচ্ছেন অনেকে, আবার কেউ সংসারটা বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছেন নানা সামাজিক সংগঠনের। সবচেয়ে বড় সংকট হলো, অপ্রাপ্তবয়সে বিয়ে হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই ছিল না কোনো আইনি কাবিননামা বা নিবন্ধন। ফলে বিবাহবিচ্ছেদের পর খোরপোশ কিংবা সন্তানের ভবিষ্যৎ অধিকার আদায়ের লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হচ্ছে এক কঠিন আইনি জটিলতার।

জেলা রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মেহেরপুরে ২ হাজার ২৬টি বিয়ের বিপরীতে তালাক হয়েছে ২ হাজার ১০টি। ২০২৫ সালে বিয়ে হয়েছে ২ হাজার ৫১৩টি, বিপরীতে তালাক হয়েছে ২ হাজার ১৬০টি। অর্থাৎ বিয়ের পাশাপাশি বাড়ছে বিচ্ছেদের সংখ্যাও। ২০২৫ সালের হিসাবে জেলায় গড়ে প্রতি পাঁচ ঘণ্টায় একটি তালাকের ঘটনা ঘটেছে।

মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের দিনমজুর সাহার আলীর মেয়ে জলি খাতুনের বিয়ে হয়েছিল অষ্টম শ্রেণিতে পড়ার সময়। স্বামী রাজু হোসেনের সঙ্গে সংসারে জন্ম নেয় মেয়ে আরিশা। বর্তমানে তার বয়স তিন বছর। জলির অভিযোগ, বিয়ের পর জানতে পারেন স্বামী মাদকাসক্ত। রাতভর অনলাইন ক্যাসিনো ও জুয়ায় মেতে থাকতেন তিনি। একপর্যায়ে যৌতুকের জন্য চাপ দিতে শুরু করেন। মেয়ের সুখের কথা ভেবে শ্রমজীবী বাবা ৪০ হাজার টাকা দেন। এমনকি বিয়েতে পাওয়া স্বর্ণের দুলও বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করেন স্বামী। কিন্তু তাতেও সংসার টেকেনি। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবারও জোটেনি জলির। এখন স্বামীর সঙ্গে যোগাযোগ নেই। বাল্যবিবাহের কারণে বিয়ের নিবন্ধনও হয়নি।

একই গ্রামের জাকিয়া খাতুনের বিয়ে হয়েছিল ১৫ বছর বয়সে। ভালোবেসে বিয়ে করে ১৬ বছরেই মা হন তিনি। দুটি সন্তান নিয়ে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তার। জাকিয়ার অভিযোগ, স্বামী ঢাকায় চাকরি করার সময় অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকে স্ত্রী-সন্তানের খোঁজখবর নেওয়া বন্ধ করে দিয়েছেন। জাকিয়া বলেন, শ্বশুর-শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো দেখলেও স্বামীর অবহেলায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়েছে।

সদর উপজেলার আমদহ গ্রামের নিলুফা খাতুনের বিয়ে হয়েছিল মাত্র ১৪ বছর বয়সে। ১৫ বছরেই প্রথম সন্তানের মা হন। সন্তান কোলে নিয়েই এসএসসি পরীক্ষায় অংশ নেন। বর্তমানে তার বড় ছেলের বয়স আট বছর, ছোট সন্তানের বয়স ১০ মাস। নিলুফার অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করতেন স্বামী। বিদেশ যাওয়ার জন্য টাকা দাবি করলে দরিদ্র বাবা একটি মোটাতাজা গরু দেন। স্বামী বিদেশ যাওয়ার পর শ্বশুর-শাশুড়ির নির্যাতন আরও বেড়ে যায়। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এখন সরকারি সহায়তায় পাওয়া বাবার বাড়ির ঘরে মা-বাবার সঙ্গে থাকছেন তিনি।

সদর উপজেলার পিরোজপুর গ্রামের জালিমন খাতুনের বিয়ে হয়েছিল ১৩ বছর বয়সে। বিয়ের সময় স্বামীকে ব্যবসায়ী ও মুরগির খামারের মালিক বলা হলেও পরে জানতে পারেন তিনি মাদকাসক্ত। যৌতুক হিসাবে এক লাখ টাকা দেওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি। ১৫ বছর বয়সে সন্তানের জন্ম দেন জালিমন। নির্যাতন সহ্য করতে না পেরে একাধিকবার বাবার বাড়িতে ফিরে আসেন। থানা ও ইউনিয়ন পরিষদে অভিযোগও দেন। সামাজিক সমঝোতায় তিনবার স্বামীর বাড়িতে ফিরলেও প্রতিবার নির্যাতন বেড়েছে বলে অভিযোগ তার। এবার বিচার চেয়ে অভিযোগ দিয়েছেন মানব উন্নয়নকেন্দ্রে।

জলি, জাকিয়া, নিলুফা ও জালিমনের মতো আরও অনেক নারী সংসার টিকিয়ে রাখা এবং নিজেদের ও সন্তানদের অধিকার আদায়ের আশায় ওই সংগঠনের দ্বারস্থ হয়েছেন।

বেসরকারি সামাজিক সংগঠন মানব উন্নয়নকেন্দ্রের পরিচালক মো. আশাদুজ্জামান সেলিম জানান, গত ১৫ বছরে পারিবারিক বিরোধ ও নির্যাতনসংক্রান্ত ১১ হাজার ৮২১টি অভিযোগ পেয়েছেন তারা। কাউন্সেলিংয়ের মাধ্যমে ৫ হাজার ৩৩৭টি পরিবারকে পুনরায় একসঙ্গে থাকার ব্যবস্থা করেছেন। ২ হাজার ৮৯৬ জন গৃহবধূর যৌতুক ও সন্তানের ভরণপোষণের অর্থ আদায় করা হয়েছে। ৩৭৫টি অভিযোগ আদালত ও লিগ্যাল এইডে পাঠানো হয়েছে। তবে সব সংসার সমঝোতার মাধ্যমে টিকিয়ে রাখা সম্ভব নয়। নির্যাতনের শিকার নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও জরুরি। 

মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল আমিন বলেন, পারিবারিক বিচ্ছেদের পেছনে অনলাইন জুয়া, মাদকাসক্তি, বিবাহবহির্ভূত সম্পর্ক, যৌতুক, পারস্পরিক বোঝাপড়ার অভাব ও বাল্যবিবাহের দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে। অল্প বয়সে বিয়ের ফলে অনেক মেয়ের শিক্ষা বন্ধ হয়ে যায়। তারা অর্থনৈতিকভাবে স্বামীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে নির্যাতন ও অবহেলার শিকার হলেও অনেকের পক্ষে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।

জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ বলেন, শুধু তালাকের সংখ্যা দিয়ে সংকটের গভীরতা বোঝা সম্ভব নয়। বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ, যৌতুক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিচ্ছেদের পর নারী ও শিশুদের সামাজিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

পুরুষ মানুষ ললিপপের মতো

ফেসবুকে পারশা পুরুষ মানুষ ললিপপের মতো

নিজের রূপ দেখালেও ঢাকলেন বরের মুখ, কেন এমন করলেন পারশা?

নিজের রূপ দেখালেও ঢাকলেন বরের মুখ, কেন এমন করলেন পারশা?

কলকাতায় একাধিক বিয়ে করলেই যাবে সরকারি চাকরি

কলকাতায় একাধিক বিয়ে করলেই যাবে সরকারি চাকরি

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ

যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ

‘আমি কী ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

‘আমি কী ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম