Logo
Logo
×
   

সারাদেশ

গাইবান্ধায় ইউএনওর ওপর হামলা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

গাইবান্ধায় ইউএনওর ওপর হামলা

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় মঙ্গলবার গোবিন্দগঞ্জ থানায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে সোমবার বিকালে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনের অপরাধে চারটি মেশিন ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিন ধ্বংসের সময় বাঁধের ওপর থেকে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করেন। ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যুদের হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন।

ইউএনওর ওপর হামলার খবর পেয়ে এসিল্যান্ড তামশিদ ইরাম খানসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা থানার পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তেমন কিছু নয়। এতে নৌকা থেকে পা পিছলে একজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম