ফরিদপুরে ডেঙ্গুতে তিনদিনে ২ জনের মৃত্যু
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন দিনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকালে জেলার স্বাস্থ্য বিভাগ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত তিন দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধা ও এক যুবকের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর রাতে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের বাসিন্দা নুরুন নাহার (৭০) নামের এক বৃদ্ধা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। পরদিন সকালে মধুখালী উপজেলার খোদা বাঁশপুর গ্রামের গোলজার শেখের ছেলে ইমন শেখের (২০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন দুইজন রোগী।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজন বৃদ্ধা ও এক যুবকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং দিনের বেলাতেও মশারি বা মশা প্রতিরোধী ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেন তিনি।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
