Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

দর্শনার গ্রাম থেকে অস্ট্রেলিয়ার ক্যামডেনের ডেপুটি মেয়র এলিজা

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

দর্শনার গ্রাম থেকে অস্ট্রেলিয়ার ক্যামডেনের ডেপুটি মেয়র এলিজা

এলিজা আজাদ রহমান টুম্পা

Advertisement

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ নেতৃত্বের জায়গা করে নিয়েছেন। সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী।

তার এ সাফল্যের খবরে জন্মস্থান দর্শনা ও পুরো চুয়াডাঙ্গায় আনন্দের আবহ তৈরি হয়েছে। এলিজার নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শ্যামপুর গ্রামসহ চুয়াডাঙ্গা জেলার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যামডেন কাউন্সিলের সভায় কাউন্সিলরদের ভোটে ডেপুটি মেয়র নির্বাচিত হন এলিজা রহমান। একই সভায় ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে বাংলাদেশি বংশোদ্ভূত একজন নারীর এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়ার ঘটনা বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এলিজার পারিবারিক শেকড় চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে। তার বাবা আজাদুল ইসলাম আজাদ। অস্ট্রেলিয়ায় বসবাস করলেও জন্মভূমির সঙ্গে পরিবারের যোগাযোগ রয়েছে।

২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে অস্ট্রেলিয়ান লেবার পার্টির প্রার্থী হিসেবে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এলিজা। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের দুই বছরের মধ্যেই ডেপুটি মেয়রের দায়িত্ব পাওয়া তার রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কাউন্সিলের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন এলিজা। অস্ট্রেলিয়ায় বসবাসরত অভিবাসী ও বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

এলিজার বাবা আজাদুল ইসলাম আজাদ বলেন, তার ছোট মেয়ে এলিজা আজাদ টুম্পা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছে। প্রায় দুই বছর আগে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব শুরু করেন। এবার একই কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। মেয়ের এই অর্জন পরিবার ও বাংলাদেশি হিসেবে তাদের জন্য গর্বের। নতুন দায়িত্ব যেন এলিজা সফলভাবে পালন করতে পারে, সেজন্য সবার দোয়া কামনা করেন তিনি।

বিভিন্ন প্রতিবেদনে এলিজা রহমানকে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে ডেপুটি মেয়র হওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিল ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন। এলিজার নির্বাচিত হওয়ার ঘটনা অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রেও নতুনমাত্রা যোগ করেছে।

দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের পরিচিত গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের নেতৃত্বে এলিজা রহমানের উঠে আসা তাই শুধু একটি পদ অর্জনের ঘটনা নয়, এটি শেকড়ের সঙ্গে সম্পর্ক রেখে প্রবাসে একজন বাংলাদেশি নারীর নেতৃত্ব প্রতিষ্ঠারও গল্প। তার সাফল্যে গর্বিত জন্মভূমি দর্শনা ও চুয়াডাঙ্গার মানুষ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম