১৪ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র
চিরকুটে লেখা ‘আমাকে খোঁজার চেষ্টা করবে না’
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
মো. আরিফুল ইসলাম
|
ফলো করুন |
|
|---|---|
‘আমার জন্য সবাই দোয়া করবে, যেন আমি যেখানে থাকি ভালো থাকি। আর কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না। Please. Please. আর আমাকে খুঁজেও কোনো লাভ হবে না। কারণ আমি যেখানে আছি, যে জায়গা সম্পর্কে কারোর কোনো ধারণাই নেই।’
পরিবারের উদ্দেশে এমন আবেগঘন কথা লিখে চিরকুট রেখে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম (১৬)।
গত ২৫ আগস্ট বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্তানের অপেক্ষায় দিন কাটছে পরিবারের সদস্যদের। তাকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তার বাবা মো. সামছুল ইসলাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ করেছেন আরিফুলের বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ওরফে ইসমাইল মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২৫ আগস্ট বিকাল ৫টার দিকে রেজিস্ট্রেশন ফরম জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফেরেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন ছিল। পরে অ্যান্ড্রয়েড ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ছেলেকে ফিরে পেতে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন; কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। একপর্যায়ে আরিফুলের জিনিসপত্র খুঁজতে গিয়ে একটি চিরকুট পান পরিবারের সদস্যরা। সেখানে পরিবারের উদ্দেশে নানা কথা লেখার পাশাপাশি তাকে খোঁজার চেষ্টা না করার অনুরোধ করা হয়েছে।
চিরকুটের শুরুতে ইংরেজিতে লেখা রয়েছে- ‘My Dare Family. I hope everybody will happy. Because I’m not at home. Please don’t be unhappy. Enjoy it.’
এরপর বাংলায় লেখা হয়েছে- ‘আমার জন্য সবাই দোয়া করবে, যেন আমি যেখানে থাকি ভালো থাকি। আর কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না। Please. Please. আর আমাকে খুঁজেও কোনো লাভ হবে না। কারণ আমি যেখানে আছি যে জায়গা সম্পর্কে কারোর কোনো ধারণাই নেই।’
নিজের জিনিসপত্রের যত্ন নেওয়ার অনুরোধ করে চিরকুটে মাকে তার ঘর পরিষ্কার রাখার কথাও লিখেছে আরিফুল। একপর্যায়ে সে লিখেছে- আমি চেষ্টা করেছিলাম আমার মায়ের ভালো ছেলে হয়ে থাকতে, কিন্তু পারিনি। হয়তোবা এটা আমার ব্যর্থতা।
চিরকুটের শেষাংশে পরিবারের সবার কাছে ক্ষমা চেয়ে লেখা হয়েছে- ‘Please everybody forgive me from your heart. Good bye.’ এরপর ‘ইসমাইল’ নামে স্বাক্ষর করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আরিফুলের আরেক নাম ইসমাইল।
আরিফুলের বাবা মো. সামছুল ইসলাম বলেন, আমার ছেলে ১৪ দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আমি আমার ছেলের সন্ধান চাই। নিখোঁজ আরিফুলের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আরিফুলের নিখোঁজের বিষয়টি জেনেছেন উল্লেখ করে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, ছেলেটি খুবই মেধাবী। নিখোঁজের খবর পেয়ে তারাও মর্মাহত হয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, পরিবারে ছেলেটির সৎমা রয়েছে। পারিবারিক নিগ্রহ বা বঞ্চনার কারণে কিশোরটি বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আত্মীয়স্বজন এবং পরিচিতজনদের বিষয়ে তথ্য সংগ্রহ করে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
