ইউনিয়ন বিএনপি সভাপতির অভিযোগে ওয়ার্ডের যুগ্ম সম্পাদক গ্রেফতার
Advertisement
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়ের করা মামলায় আসাদ মিয়া (৪০) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসাদ মিয়া উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব ফেকামারা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জালালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি কমিটির পদ-পদবি নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলা করে অভিযুক্ত আসাদ ও তার অনুসারীরা। এ সময় তার সঙ্গে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তিনি।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রফিকমোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়া কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় আট মাস আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৎকালীন সাধারণ সম্পাদক রফিক মিয়াকে অব্যাহতি দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে দলীয় নীতিমালা অনুযায়ী ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
সম্প্রতি রফিক মিয়াকে আবারও সাধারণ সম্পাদক পদে বহাল করা হলে এ নিয়ে দলের অভ্যন্তরে নতুন করে অসন্তোষ দেখা দেয়। এরই জেরে আসাদ মিয়া ও তার সমর্থকেরা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়া জানান, আমি আসাদের কাছ থেকে কোনো টাকা নেইনি, নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যা কথা বলছে। আমি বুধবার সন্ধ্যার পর বাড়ি থেকে কটিয়াদী যাওয়ার পথে রফিকমোড়ে পৌঁছলে ১০-১২ জন ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। পরে তারা অতর্কিত হামলা চালিয়ে তার সঙ্গে থাকা ৬ লাখ টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী মডেল থানার এসআই মোহাম্মদ হোসাইন বলেন, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আসাদ মিয়া নামে একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
