শীতলক্ষ্যায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
Advertisement
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার চরলাখপুর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- শিবপুর চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় মেয়ে শাহিনুরের জামাই ওবাইদুল্লাহ (৩৫), মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা (২২) ও সৌরব (১৫)। তবে এখনো নিখোঁজ রয়েছেন নাতি শান্ত (১৭)।
শিবপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিখোঁজ ওবাইদুল্লাহ, তার স্ত্রী শাহিনুর ও সন্তান নিয়ে শ্বশুরবাড়ি শিবপুর উপজেলার চরলাখপুর এলাকায় মজিবুর শেখের বাড়িতে বেড়াতে আসেন। তাদের সঙ্গে মজিবুর শেখের অপর দুই মেয়ে শাহিদা ও শান্তা তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসেন।
এরই মধ্যে শুক্রবার বিকাল ৩টার দিকে মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা গোসল করতে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে নামেন। এ সময় তিনি নদীতে তলিয়ে যান। তাকে উদ্ধার করতে ওবাইদুল্লাহ ও শান্ত নদীতে নামেন। ওই সময় তারা দুজনও নদীতে তলিয়ে যান। পরে পাশের বাড়ির সৌরভসহ একাধিক ব্যক্তি নিখোঁজদের খুঁজতে নদীতে নামেন। ওই সময় সৌরভও নদীতে তলিয়ে যান।
খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে শিবপুর ফায়ার সার্ভিস ও শিবপুর থানা পুলিশ নিখোঁজদের উদ্ধার অভিযানে নামেন। রাত হয়ে যাওয়ায় নদী থেকে কাউকে উদ্ধার করা যায়নি। পরে শনিবার সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে সৌরভ, ওবাইদুল্লাহ ও পরে শান্তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ শান্তকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এলাকার ইউপি সদস্য নাসির উদিন হাওলাদার বলেন, মজিবুর শেখের বাড়িতে তার মেয়ে, মেয়ের জামাইসহ একাধিক স্বজন বেড়াতে আসেন। দুপুরে তার ছোট মেয়ে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে একে একে বড় মেয়ের জামাই, মেজো মেয়ের ছেলে ও সৌরভ নামে এলাকার ১ জনসহ ৪ জন নিখোঁজ হন। সকালে ৩ জনের লাশ উদ্ধার করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, শুক্রবার নদীতে নেমে ৪ জন নিখোঁজ হয়েছিল। আমরা এসে নদীতে অনেক খোঁজাখুঁজি করেছি। পাইনি। সকালে ঢাকা থেকে ডুবুরি দল এলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করি এবং ৩ জনের লাশ উদ্ধার করা হয়। আরেকজনকে উদ্ধারে কাজ চলছে।
