দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির রামগড়ে দুধ দিয়ে গোসল করে অনলাইনে আর ক্যাসিনো (জুয়া) না খেলার ঘোষণা দিয়েছেন সজীব মিয়া নামে এক যুবক।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রামগড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে তিনি এ ঘোষণা দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সজীব লামকুপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে। তার এমন ঘোষণায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
জানা গেছে, সজীব পেশায় সবজি ব্যবসায়ী। লামকুপাড়ায় তার সবজির দোকান আছে। অসংখ্য লোকের উপস্থিতিতে সজীব প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এ সময় স্থানীয় মুরুব্বিসহ গণ্যমান্য ব্যক্তিরাও তার গায়ে দুধ ঢেলে দেন।
সজীব জানান, মোবাইলে বিজ্ঞাপন দেখে তিনি ক্যাসিনো জুয়ায় আসক্ত হন। প্রায় ৭-৮ বছর তিনি এ জুয়া খেলেন। এতে তিনি প্রায় ১৫ লাখ টাকা খুইয়েছেন। তার আসক্তি এতটাই ছিল যে, পকেটে ৫০ টাকা থাকলে অন্যের কাছ থেকে আরও ১০০ টাকা ধার করে জুয়া খেলতেন তিনি। ক্যাসিনো থেকে মুক্তি পেতে এক সময় মোবাইল ভেঙে ফেলেন তিনি, কিন্তু পরে আবার সেই আসক্তি মনে জেগে ওঠে। এরপর গত দুই দিন আগে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন আর জুয়া খেলবেন না। এরই মধ্যে বিয়েও করেন তিনি। নববধূও তাকে শপথ করান ক্যাসিনো ছাড়ার। এ অবস্থায় তিনি এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিদের নিজের ভুলের কথা ও বিপদগামী হওয়ার কথা জানিয়ে এ জুয়া থেকে চিরতরে ফিরে আসার শপথ নেন। এ সিদ্ধান্ত অনুযায়ীই তিনি শনিবার সবার উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন।
সজীব আরও জানান, যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন জীবন ধ্বংস করার মতো এ জুয়া খেলা এখনই ছেড়ে দেন। নিজে যেন সততার সাথে ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে জীবন নির্বাহ করতে পারেন এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
নিজের আত্মোপলব্ধি থেকে ক্যাসিনো জুয়া ছেড়ে দেওয়ার প্রকাশ্য শপথ গ্রহণের ঘটনাকে স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক-সামাজিক মহল সাধুবাদ জানিয়েছেন।
রামগড় থানার ওসি নাজির আলম বলেন, সজীবকে ধন্যবাদ জানাই তার এমন আত্মোপলব্ধির জন্য। তাকে যেন অন্য বিপদগামীরাও অনুসরণ করে- আমাদের এই প্রত্যাশা থাকবে।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, সমাজের জন্য একটি দৃষ্টান্ত। তাকে সাধুবাদ জানাই। পাশাপাশি জুয়ায় আসক্ত সবাইকে ক্যাসিনো ছেড়ে নিজেকে এবং পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সজীবের মতো শপথ নেওয়ার আহ্বান থাকবে।

-6aa5654f86049.jpg)