পলাতক ফ্যাসিস্ট সরকারপ্রধানের ফিরে আসার ইতিহাস নেই: প্রতিমন্ত্রী আজাদ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
গোবিন্দগঞ্জে করতোয়া নদীর খাল খনন কর্মসূচির কাজ সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
|
ফলো করুন |
|
|---|---|
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পলাতক ফ্যাসিস্ট সরকারপ্রধানদের দেশে ফিরে আসার কোনো ইতিহাস নেই। তাই কথিত ওই সরকার আবার দেশে ফিরবে এবং দেশের মানুষ তাদের গ্রহণ করবে—এমন আশা করা বা স্বপ্ন দেখা ঠিক হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর খাল খনন কর্মসূচির কাজ সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। যারা জনগণের আস্থা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, তাদের আবার ফিরে আসার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে করতোয়া নদীর খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আসন্ন এ সফর এবং উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রকল্প এলাকার সার্বিক অবস্থা, খাল খননের অগ্রগতি, প্রস্তুতিমূলক কাজ এবং অনুষ্ঠানের স্থান সরেজমিন পর্যবেক্ষণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, করতোয়া নদীর খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে। খাল পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়ানোর সুযোগ তৈরি হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পাউবো কর্মকর্তারা কাজ করছেন।
