গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় জেলা শহরের আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর গাইবান্ধা শহরের আদর্শপাড়া এলাকায় ছোট ভাইয়ের বাসা থেকে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর আগে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোত্তালিব সরকার জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বাধাদানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পর থেকেই আবু বক্কর সিদ্দিক ও মাসুদ রানা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা ও হামলা চালান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দলটির স্থানীয় শীর্ষ নেতারা গা ঢাকা দেন।
