মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের
যশোর ব্যুরো
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের চৌগাছায় জামাইয়ের পিটুনিতে মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মেয়ের স্বামীর বাড়িতে তিনি হামলার শিকার হন।
নিহত মোতলেব হোসেন একই উপজেলার ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোতলেব হোসেন তার মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে নারায়ণপুর গ্রামে জামাই আনোয়ার হোসেনের বাড়িতে যান। এ সময় আনোয়ার হোসেনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আনোয়ার মেহগনি গাছের ডাল দিয়ে মোতলেব হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
পরে স্থানীয়দের সহায়তায় মেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম শিকদার জানান, মেয়ের স্বামীর হামলায় গুরুতর আহত মোতলেব হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
