যশোরে ১৪ মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
যশোর ব্যুরো
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
|
ফলো করুন |
|
|---|---|
যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার শেখহাটি পূর্বপাড়ায় জুয়েলের বাড়ির রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
পলাতক জুয়েল (৪২) একই এলাকার কাজী আলমগীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদক মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
ডিবি যশোরের ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েলের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান।
পরে বাড়ি তল্লাশি করে রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়। জুয়েলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

-6af8717530a02.jpg)