ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারস্থ রাজনগর ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। বিশেষ করে জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব নথির বিকল্প ব্যবস্থা কী হবে এবং সংশ্লিষ্টরা কীভাবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ভূমি অফিসের পেছন দিয়ে জানালার কাঁচ ভেঙে পেট্রোল ও মবিল দিয়ে আগুন দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলা দায়ের হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, ভূমি অফিসে আগুনের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো দুষ্কৃতিকারী এ ঘটনার ঘটিয়েছে।
