ভালোবেসে মনিকা রানী থেকে মারিয়া ইসলাম, সংসার টেকেনি ৪৮ ঘণ্টাও
Advertisement
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
রাকিবুল ইসলাম ও মনিকা রানী বড়াই। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মনিকা রানী বড়াই ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন মারিয়া ইসলাম। প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করেছেন রাকিবুল ইসলামকে (২১)। তবে তাদের সংসার ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই ভেঙে যায়।
থানা চত্বরে বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মনিকাকে। চিৎকার করে বলতে থাকেন, ‘বাড়ি ফিরে যাব না। স্বধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছি। প্রেমিককে বিয়ে করেছি। স্বামীর কাছেই ফিরে যেতে চাই।’ কিন্তু কারও মন গলেনি।
কেউ শোনেনি তার কথা। তাকে জোর করে টেনেহিঁচড়ে মাইক্রোতে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শৈলকুপা থানা চত্বরে। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশের একটি সূত্র খবরটি নিশ্চিত করে।
এ বিষয়ে জানতে শৈলকুপা থানার ওসি হুমায়ূন কবির মোল্লার মোবাইলে যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি তিনি।
জানা যায়, শৈলকুপার ১২নং নিত্যানন্দপুরের খালফলিয়ার মনিকা রানী বড়াই (১৮), বাবা বিপুল বড়াই। ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে একই গ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে রাকিবুল ইসলামকে বিয়ে করেন মনিকা রানী বড়াই।
মনিকা রানী বড়াই ও রাকিবুল ইসলাম একই গ্রামে বসবাসের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৬ সালের ৭ জুলাই মনিকা রানী বড়াই আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে মারিয়া ইসলাম রাখেন। ৮ সেপ্টেম্বর মারিয়া ইসলাম ও রাকিবুল ইসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাদের সংসার ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই ভেঙে যায়।
শৈলকুপা থানা পুলিশের সহযোগিতায় মনিকা রানী বড়াইয়ের পরিবার জোর করে তাকে বাড়িতে ফেরত নিয়ে যায়। অভিযোগ প্রভাবশালী একটি মহল ঘটনার নেপথ্যে রয়েছে। ছেলেপক্ষের আশঙ্কা মারিয়াকে জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হতে পারে।
