সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
বাঁধন ও তার পরিবারের ওপর হামলায় কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে
Advertisement
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে যেমন অপশক্তি রয়েছে, বিদেশেও তেমন অপশক্তি রয়েছে। ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর যে অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ওই ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাঁধনের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে।
রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম ছাড়া কোনো সরকার সামনে এগোতে পারে না। আমরা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আগে গণমাধ্যমগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এখন সরকার সেই দরজাগুলো খুলে দিতে চায়। মন্ত্রী বলেন, একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে কাজ করছে সরকার।
এ সময় সংরক্ষিত-৫ আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিকালে মন্ত্রী নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এর আগে সকালে তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউসে বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
