ঢাকা-চট্টগ্রামের মহানগর এক্সপ্রেস যাবে কক্সবাজার পর্যন্ত
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
মহানগর এক্সপ্রেস
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার মানুষ ট্রেনে করে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, গত প্রায় তিন বছর ধরে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হলেও বিরতিহীন হওয়ায় নিরাপদে কক্সবাজার যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল তারা। তবে মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হলে অন্তত ১২টি স্টেশনের যাত্রী ট্রেনে করে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। এর ফলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে যেমন পর্যটক বাড়বে তেমনি রেলওয়ের আয়ও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই এই রুটে চলাচল করবে ট্রেনটি।
সূত্র জানায়, ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় মহানগর এক্সপ্রেস। নিয়ম অনুযায়ী কমলাপুর থেকে ছেড়ে আসার পর বিমানবন্দরসহ ১২টি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে। ঢাকার বিমানবন্দর ছাড়া নরসিংদী জেলার নরসিংদী, কিশোরগঞ্জের ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা, কুমিল্লা জেলার কুমিল্লা, লাকসাম ও নাঙ্গলকোট, ফেনী এবং চট্টগ্রামের কুমিরা স্টেশনে ট্রেনটি থামে। দিবাগত রাত সাড়ে ৩টায় চট্টগ্রামে পৌঁছায়। এসব স্টেশনে যাত্রী ওঠানামার সুযোগ রয়েছে।
এসব জেলা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন না থাকায় যাত্রীদের সড়কপথে পর্যটন শহরটিতে যেতে হয়। মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত বর্ধিত হলে ওই এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারবেন।
জানা গেছে, কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু হলে মহানগর এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন আনা হবে। তখন ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে ৮টায় ট্রেনটি ছাড়বে এবং সাড়ে ৯ ঘণ্টা পর কক্সবাজারে পৌঁছবে সকাল ৬টায়। এছাড়া কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ট্রেন ছাড়বে সকাল ৯টায়।
সূত্র আরও জানায়, ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া বিরতিহীন আন্ত:নগর এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া আন্ত:নগর ট্রেন চলাচল করছে। এরমধ্যে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে রাত ১১টায় ছেড়ে কক্সবাজারে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। আর পর্যটক এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে কক্সবাজারে পৌঁছায় বেলা ২টা ৪০ মিনিটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস যুগান্তরকে বলেন, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুইটি ট্রেন চলে। একটি কক্সবাজার এক্সপ্রেস ও অপরটি পর্যটন এক্সপ্রেস। আর এই দুটি ট্রেনের আয় সর্বাধিক। তবে এই দুটি ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়া অন্য কোথাও থামে না। এতে করে প্রায় ৫ জেলার মানুষ ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে অনুমোদন পাওয়া যাবে। এরপর অগ্রিম টিকিট বিক্রির জন্য ১০ দিন সময় হাতে রেখে ট্রেন চালুর ঘোষণা দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (অক্টোবর) প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি চালুর প্রস্তুতি চলছে।
