Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

এসপি কার্যালয়েই বসেছিল জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

এসপি কার্যালয়েই বসেছিল জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে এক অতিরিক্ত পুলিশ সুপারের হাতের আঙুল ভেঙে গেছে।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। 

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের উত্তর পাশে হলপাড়ায় অবস্থিত পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা সটকে পড়ার চেষ্টা করে।

​এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। আসর থেকে নগদ টাকা, তাস ও একাধিক স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার পুলিশ সদস্যরা হলেন—পুলিশ সুপার কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।

​অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই মো. আতাউর রহমান (৪০) ও পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যেতে সক্ষম হন।

​এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। চার আসামিকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক দুজনকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম