রাজশাহীতে জব্দ করা সার সরকারি দামে পেলেন কৃষকরা
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর পবা উপজেলায় কৃষকের বাড়িতে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মামুনুন্নবী মিলন নামের এক কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বড়গাছী ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনুল আবেদীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তার বাড়ির গুদাম থেকে ৪৮ বস্তা এমওপি ও ৮১ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
ইউএনও মো. ইবনুল আবেদীন বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত গুদাম ও বিক্রয়কেন্দ্র তদারকি করা হচ্ছে। কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে মামুনুন্নবী মিলনের দাবি, বিক্রির জন্য নয়, নিজের জমিতে আলু চাষের জন্য সারগুলো রেখেছিলেন।
তিনি বলেন, গত বছর ৪৫ বিঘা জমিতে আলু চাষের পর সারগুলো বেঁচে যায়। চলতি মৌসুমে প্রয়োজনের সময় সার না পাওয়ার আশঙ্কায় সেগুলো মজুত করেছিলেন।
জব্দ করা সার সরকারি দামে কিনতে পেরে স্থানীয় কৃষক মঞ্জু বলেন, সারের সংকটের কারণে কপি চাষে সমস্যা হচ্ছিল। সরকারি দামে এক বস্তা টিএসপি ও এক বস্তা এমওপি কিনতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন।
অভিযানে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সারের অবৈধ মজুত ঠেকাতে তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
