Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঢাক-ঢোল আর বৈঠার ছন্দে সুনামগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত

Advertisement

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

ঢাক-ঢোল আর বৈঠার ছন্দে সুনামগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রতিযোগিতায় স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা মোট ২২টি নৌকা অংশগ্রহণ করে।

Advertisement

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাই হাওড়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই বাইচের উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই হাওড়ের চারপাশে ঢল নামে উৎসুক দর্শনার্থীদের।

আয়োজকরা জানান, নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা মোট ২২টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি মোট ৩টি ধাপে অনুষ্ঠিত হয়। ঢাক-ঢোল আর কাঁসরের বাদ্যে, বৈঠার তালে নৌকার মাঝিদের হাঁক-ডাক, দর্শকদের করতালি ও চিৎকারে পুরো খাই হাওড় এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি ছিল।

এতে চ্যাম্পিয়ন হয় জগন্নাথপুরের জাকির তরি, রানার্সআপ স্বপ্নের তরি-১, ৩য় হয়েছে রঙ্গিন পবন।

দর্শনার্থীরা জানান, গ্রামবাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আনন্দের খোরাক জোগাতে এ ধরনের আয়োজনের ভূমিকা অপরিসীম। প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।

শান্তিগঞ্জের পূর্ববীরগাঁও গ্রামের দোলন মিয়া বলেন, এই নৌকা বাইচ আমাদের পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে। আমরা চাই প্রতিবছরই এ ধরনের আয়োজন হোক।

শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রামের বাসিন্দা ফরিদ আহমেদ বলেন, সকাল থেকে রোদের মধ্যে এসে খেলা উপভোগ করেছি। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। 

নৌকা বাইচের আয়োজক আবুল হোসেন জানান, মানুষকে আনন্দ বিনোদন দিতেই এই আয়োজন করেছি।  ২২টি নৌকা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, খুবই সুন্দর একটি আয়োজন ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম