গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া (৪৫) নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকার বাসিন্দা, তিনি সিএনজিচালক ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বীরউজলী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাম ট্রাক ও সিএনজি সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, অজ্ঞাত আহতকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
