পরিকল্পনা প্রতিমন্ত্রী
প্রকল্প গ্রহণ করাই সাফল্য নয়, নির্ধারিত সময়ে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নতুন প্রকল্প গ্রহণ আর চলমান প্রকল্পের মেয়াদ ও পরিধি বাড়ানোর প্রবণতা কমিয়ে নির্ধারিত সময় ও বরাদ্দের মধ্যেই প্রকল্প শেষ করার ওপর জোর দিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি বলেছেন, প্রকল্প গ্রহণ করাই সাফল্য নয়, নির্ধারিত সময় ও অর্থের মধ্যে তা বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। বারবার প্রকল্পের মেয়াদ ও পরিধি বাড়ালে সরকারের অর্থ ও সময় দুটিই অপচয় হয়। এর খেসারত দিতে হয় জনগণকে। তারা কাঙ্ক্ষিত সময়ে প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হন।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জুনায়েদ সাকি বলেন, একটি প্রকল্প নির্ধারিত সময়ে এবং সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সরকারের অর্থ সাশ্রয়ের পাশাপাশি মানুষের ভোগান্তিও কমে; কিন্তু বাস্তবায়ন দীর্ঘায়িত হলে প্রকল্পের ব্যয় বাড়ে, সময় বাড়ে এবং কাঙ্ক্ষিত সুফল পেতে জনগণকেও অপেক্ষা করতে হয়। তাই নতুন প্রকল্প গ্রহণের আগে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, প্রয়োজনীয়তা ও কার্যকারিতা পর্যালোচনা করতে হবে।
তিনি বলেন, চলমান প্রকল্প শেষ না করে একের পর এক নতুন প্রকল্প নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করার বাস্তবসম্মত সুযোগ রয়েছে কিনা এবং প্রকল্পটি জনগণের জন্য কতটা প্রয়োজনীয়, সেসব বিষয় গুরুত্ব দিয়ে দেখতে হবে।
নিরাপদ পানি সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে। বর্তমানে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করেই নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে জেলার সব মানুষের জন্য নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে আরও কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কাজে শুধু সরকারি দপ্তর নয়, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। মানুষের মৌলিক চাহিদার সঙ্গে যুক্ত এ ধরনের প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা দীর্ঘসূত্রতা কাম্য নয়।
মতবিনিময় সভায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
