তেলের দাম বাড়তেই গাজীপুরে বাড়তি ভাড়া, যাত্রী-শ্রমিক বাগবিতণ্ডা
Advertisement
মোহাম্মদ মোরশেদ আলম, গাজীপুর
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গাজীপুরের বিভিন্ন সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়াকে কেন্দ্র করে পরিবহণ শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বাড়তি ভাড়া নিয়ে বিরোধের কারণে অনেক পরিবহণে যাত্রী সংখ্যাও কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যাত্রীরা জানান, আগে নির্ধারিত ভাড়ার চেয়ে বিভিন্ন রুটে নতুন করে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আগে ভাড়া ছিল ৪০ টাকা। সোমবার থেকে ওই রুটে ৫০ টাকা নেওয়া হচ্ছে। শুধু নির্দিষ্ট রুটেই নয়, পথে বিভিন্ন স্থান থেকে যাত্রী ওঠানামার ক্ষেত্রেও অতিরিক্ত ১০ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
ফজলুল হক নামে এক যাত্রী বলেন, তেলের দাম বেড়েছে, ভাড়াও বাড়বে—এটা স্বাভাবিক। কিন্তু চালকরা সকাল থেকেই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। চন্দ্রা থেকে চৌরাস্তার ভাড়া আগে ৪০ টাকা ছিল, এখন ৫০ টাকা নেওয়া হচ্ছে। প্রতি লিটার তেলের দাম ২০ টাকা বাড়ার কারণে যাত্রীপ্রতি ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এটা অনেক বেশি।
এদিকে পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও পরিবহণ মালিকদের সংগঠনের পক্ষ থেকে এখনো নতুন ভাড়া নির্ধারণ করা হয়নি। ফলে বাড়তি ভাড়া আদায় করতে গিয়ে চালক ও সহকারীদের সঙ্গে যাত্রীদের বিরোধ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে সড়কে গণপরিবহণের সংখ্যাও তুলনামূলক কম দেখা যাচ্ছে।
তাকওয়া পরিবহণের চালক মো. আওলাদ হোসেন বলেন, তেলের দাম বেড়েছে, আমাদের খরচও বেড়েছে; কিন্তু বিষয়টি যাত্রীরা বুঝতে চাইছেন না। অতিরিক্ত ভাড়া চাইলে যাত্রীরা ঝামেলা করছেন। এ কারণে সড়কে গাড়িও কম চলছে। নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত গাড়ি চালানো কঠিন।
কোনাবাড়ী জেলখানা রোড এলাকার আব্দুল আলীম ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম যুগান্তরকে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর রোববার রাতে অকটেনের চাহিদা বেড়ে যায়। তবে সোমবার ডিজেল ও পেট্রোলের বিক্রি অনেকটাই কমে গেছে। পাম্পে এসব জ্বালানি নিতে যানবাহনের উপস্থিতিও কম।

