নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার রেজাউল করিম নাঈম হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় আরও ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়ালের আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রেজাউল করিম নাঈমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। ধারালো ছুরির আঘাতে ভিকটিম গুরুতর আহত হন।
পরে তাকে পরিবার ও স্থানীয়রা মিলে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ৮ নভেম্বর সেখানে তার মৃত্যু হয়।
ঘটনায় বাদী হয়ে ভিকটিমের পিতা মো. চেরাগ মিয়া পরদিন ৯ নভেম্বর মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়।
পরে দীর্ঘ শুনানি শেষে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন হলেন চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মৃত মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম, আব্দুল আজিজের ছেলে মো. সাইমন ইসলাম, দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম রনি ও আব্দুল কাদিরের ছেলে আনোয়ার হোসেন। সাজাপ্রাপ্ত নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। আসামিদের দণ্ড প্রদানে বাদীপক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে। আমরা প্রত্যাশা করি, উচ্চ আদালত এই সাজা বহাল রাখবেন।

-6abcb49945898.jpg)