যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন।
কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন- পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদিন, ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান রেজুওয়ানুর রহমান, মো. নোবেল খান, মাহফুজুল হক উজ্জ্বল, মো. মাসুম আকন্দ, মো. সোহাগ মিয়া, মো. সাহাব উদ্দিন, মো. আল আমিন, মো. তাইজুল ইসলাম, মো. খোকন মিয়াসহ ২৫ নেতাকর্মী।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ মে জেলার পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার দিন ছিল। হাটের ডাককে কেন্দ্র করে ওইদিন উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে বিএনপি, যুবদল ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় আগিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওমর শরীফ গত ২৫ মে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদিনসহ ৩৩ জনকে আসামি করা হয়।
মামলার আসামিদের মধ্যে ২৫ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে বুধবার সকালে তারা নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হন। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামায়াতের স্থানীয় একটি সূত্র জানায়, মামলার আসামিরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, হাটের ডাককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় বর্তমান সরকার দলের লোকেরা সারা দেশে মিথ্যা মামলা দিয়ে বিরোধীদল ও মতকে দমন করার চেষ্টা করছে। আজকে পূর্বধলার একটি মিথ্যা মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ ২৫ নেতাকর্মীকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই মামলা আইনিভাবে মোকাবিলা করব। আশা করি আদালত দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করবেন।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি মামলায় আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। আজ তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

