শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের নগরকান্দায় ঘরের বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে নিজ শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ও সেই দৃশ্য নিজের মোবাইলে ধারণ করার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। যে দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টায় এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই শিশুসহ তার দুই সন্তানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রাধানগর গ্রামে। অভিযুক্ত ওই নারীর নাম বিথী আক্তার (৩০)। তিনি ওই গ্রামের মালদ্বীপ প্রবাসী আব্বাস পরামানিকের স্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় ছড়িয়ে পড়া ৫৯ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, টিনশেডের ঘরের বাঁশের আড়ায় একটি ওড়না ঝোলানো রয়েছে। এ সময় এক হাত দিয়ে শিশুটিকে ধরে রেখে অপর হাত দিয়ে মোবাইলে ভিডিও চালু করেন শিশুটির মা। এরপর চৌকির ওপরে উঠে শিশুটিকে উঁচু করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা চালানো হয়। তখন শিশুটি হাত-পা ছিটিয়ে চিৎকার করতে থাকে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরের বাইরে থেকে দরজায় সজোরে আঘাত করতে থাকেন।
ভিডিওতে আরও দেখা যায়, শিশুটিকে যখন গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় তখন শিশুটি কাঁদতে কাঁদতে বলতে থাকে- ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’। একপর্যায়ে স্থানীয়দের চিৎকারে শিশুটিকে ছেড়ে দেন ওই নারী।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, ভিডিওটি উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের। এরই মধ্যে শিশুটির ফুফু রনি বেগমও থানায় ফোন দিয়ে ঘটনাটি জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা বিথী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি দুই শিশু সন্তানকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে বিথী আক্তারকে আটকের পর পুলিশের কাছে ঘটনার উদ্দেশের কথা জানিয়েছেন ওই নারী। তার বরাত দিয়ে ওসি জানান, তার স্বামী আব্বাস আলী দীর্ঘ ৮ বছর যাবৎ মালদ্বীপে রয়েছেন। তিনি দেশে আসেন না, সে কারণে সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টার ভিডিও করে তাকে পাঠানোর জন্য এমন ঘটনা ঘটান বলে দাবি করেন তিনি। তবে প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ এবং মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

-6abce18156531.jpg)